সাম্প্রতিক
Skip to content

শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা যাচাই করছে সরকার। একই সঙ্গে এ ধরনের আবেদন করার আইনগত অধিকার বা ভিত্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কাজ করছে। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।’

মন্ত্রী আরও বলেন, আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না, আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না এবং এর কোনো আইনি ভিত্তি আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। আইন ও বিধিবিধান পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা হয়।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনা প্রতিহত করতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এনএনবাংলা/