শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংক্ষিপ্ত সময়ের জন্য আহ্বান করা হলেও বিভিন্ন কারণে এবারের অধিবেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশনটি চলার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আট কার্যদিবসের এই অধিবেশনে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের বিষয়টিই মূল বিবেচনায় রয়েছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেন।
সংশ্লিষ্টরা জানান, সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক নিয়ম অনুসরণ করেই চতুর্থ অধিবেশন আহ্বান করা হয়েছে।
এদিকে আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত রাখা হচ্ছে। সে কারণে আট কার্যদিবসের মধ্যেই অধিবেশনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাত পরিচালনাকালে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন আবেগঘন কণ্ঠে বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়, আমরা যেন তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে সমগ্র রাষ্ট্রের নাগরিকরা যে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, আমরা যেন তা সততার সঙ্গে বাস্তবায়ন করতে পারি।’
এনএনবাংলা/
