সাম্প্রতিক
Skip to content

ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল

এম এ জলিল অনন্ত। ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের ব্যবসায়িক সাম্রাজ্যে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারা, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং বিনিয়োগকারী না পাওয়ায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।

এর মধ্যে তাঁর মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের আইনি নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল তাঁকে। সেই ঋণের সুদ যুক্ত হয়ে বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে।

ব্যবসায়িক সংকটের প্রভাব পড়েছে তাঁর শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা সচল রাখতে অংশীদার খোঁজার পাশাপাশি কারখানা ভাড়া দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন অনন্ত। কিন্তু কোনো প্রচেষ্টাতেই এখন পর্যন্ত সফলতা আসেনি।

এরই মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তিনি।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। পরে ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেকের পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা বাঁচাতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ জন্য একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা হয়েছে। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি তিনি।

অন্যদিকে, চলচ্চিত্রে সময় দেওয়ার কারণে ব্যবসায়িক সাম্রাজ্যে এই ধস নেমেছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তাঁর দাবি, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে।

এনএনবাংলা/