পরীমণির নখের আঁচড়ে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

আদালত প্রাঙ্গণে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণির নখের আঁচড় বা খামচি খাওয়ার পর সতর্কতাস্বরূপ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন মো. সিয়াম হোসেন নামের এক মাল্টিমিডিয়া রিপোর্টার।
গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমণির একটি মামলার শুনানির পর জামিনের খবর সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা জড়ো হন। আদালত ভবন থেকে বের হয়ে যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে পরীমণির নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের সাথে পরীমণির উত্তপ্ত বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, পরীমণি আদালত ভবনের লিফটে ওঠার সময় হঠাৎ উত্তেজিত হয়ে সামনে থাকা রিপোর্টার সিয়াম হোসেনের শার্টের কলার চেপে ধরেন। একপর্যায়ে তিনি সিয়ামের গলা ও ঘাড়ে নখের আঁচড় (খামচি) দেন। ঘটনার পর উপস্থিত অন্যান্য সহকর্মীরা সিয়ামকে উদ্ধার করেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
নখের আঁচড় খাওয়ার পর থেকে সাংবাদিক সিয়াম হোসেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ ও অস্বস্তি বোধ করছিলেন। পরবর্তীতে পরিবারের পরামর্শে ৮ নভেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থান পরীক্ষা করে ইনফেকশন বা ধনুষ্টঙ্কার এড়াতে তাকে টিটেনাস (Tetanus) ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালে ভ্যাকসিন নেন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন।
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে এমন অপেশাদার আচরণ, ধাক্কাধাক্কি ও মারমুখী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সাথে অশালীন আচরণ ও মারধরের অভিযোগে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী চিত্রনায়িকা পরীমণিকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন, যেখানে আগামী ৭ দিনের মধ্যে তাকে লিখিতভাবে ও প্রকাশ্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এনএনবাংলা/ইএস
