ব্রুকলিনের কারাগারে দিন কাটছে কুরআন-বাইবেল পড়ে

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন কাটছে সম্পূর্ণ ভিন্নভাবে। মাদক পাচারের মারাত্মক সব অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা এই সাবেক রাষ্ট্রপ্রধান এখন কারাগারের চার দেয়ালে ধর্মীয় ও দার্শনিক বইয়ের মাঝে মানসিক শান্তি খুঁজছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কারাবন্দি মাদুরোর ভেতরের এই খবরাখবর সামনে এসেছে।
কারাগারের ভেতরের পরিস্থিতির সাথে পরিচিত সূত্রের বরাতে জানা গেছে, আধ্যাত্মিক বিষয়ের প্রতি মাদুরোর আগ্রহ আগে থেকেই ছিল। তবে কারাবন্দি হওয়ার পর তা আরও গভীর হয়েছে। সময় কাটাতে তিনি এখন নিয়মিত পবিত্র কুরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দর্শন শাস্ত্রের বই পড়ছেন। আধ্যাত্মিক পিপাসা মেটাতে তিনি কেবল বইয়ের মাঝেই সীমাবদ্ধ নেই; কারারক্ষী ও চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক (পাদ্রি) এবং একজন ইহুদি রাব্বির সাথেও দেখা করেছেন তিনি।
মাদুরোর অতীত জীবনের ধর্মীয় সম্পৃক্ততা অবশ্য বেশ বৈচিত্র্যময়। অতীতে তিনি নিজেকে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের বংশধর হিসেবে দাবি করেছিলেন। যদিও তার ঘনিষ্ঠদের মতে, গ্রেফতার হওয়ার আগে ইহুদি ধর্মের আচার-অনুষ্ঠানের প্রতি তার তেমন কোনো বিশেষ আগ্রহ চোখে পড়েনি। এ ছাড়া রাজনৈতিক জীবনে ভেনেজুয়েলার ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের সমর্থন পাওয়ার জন্য যেমন চেষ্টা চালিয়েছিলেন, ঠিক তেমনি ব্যক্তিগত জীবনে তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ভারতের প্রয়াত বিতর্কিত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।
বর্তমানে ব্রুকলিনের এই কুখ্যাত ডিটেনশন সেন্টারে প্রায় ১ হাজার ৩০০ বন্দির সাথে দিন কাটছে মাদুরোর। উল্লেখ্য, এই কারাগারের একই ব্লকে এর আগে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং আলোচিত লুইজি মানজিওনের মতো বন্দিরাও ছিলেন।
হাজার হাজার টন কোকেন পাচারের ষড়যন্ত্র ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক-সন্ত্রাস চালানোর গুরুতর অভিযোগে আগামী বছর মার্কিন আদালতে মাদুরোর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। একই মামলায় অভিযুক্ত হয়েছেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও। আপাতত সেই বিচার প্রক্রিয়ার অপেক্ষায় থাকা মাদুরোর বন্দিজীবনের সঙ্গী এখন শুধুই ঐশ্বরিক বাণী আর দর্শনের পাতা।
এনএনবাংলা/ইএস
