সাম্প্রতিক
Skip to content

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের ৩১তম বৈশ্বিক জলবায়ু সম্মেলনে  অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সফরের মূল আকর্ষণ হিসেবে আগামী ১২ নভেম্বর সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব এবং প্রতিশ্রুত তহবিল ছাড়ের বিষয়টি জোরালোভাবে উঠে আসবে। এছাড়া জলবায়ু সংকটের কারণে নারীদের ঝুঁকি ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ওপরও তিনি আলোকপাত করবেন।

পররাষ্ট্র সচিব জানান, বৈশ্বিক উষ্ণতার জন্য বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ দেশগুলোর অন্যতম। তাই এই ফোরামে প্রযুক্তি হস্তান্তর ও ন্যায্য আর্থিক সহায়তার দাবি তুলে ধরা হবে। সম্মেলনের ‘গ্রিন জোনে’ বিশেষ ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপন করা হবে, যেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার প্রদর্শন করা হবে। এই বিষয়ে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ ঘোষণার প্রস্তুতিও চলছে।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে তুরস্কের প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

এনএনবাংলা/ইএস