সাম্প্রতিক
Skip to content

গরম ইস্ত্রি দিয়ে শিশুকে ছ্যাঁকা, মাদরাসার শিক্ষক গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা শিক্ষার্থীর ওপর নির্মম নির্যাতনের  ঘটনা ঘটেছে। পড়ালেখার ভুলের অজুহাতে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে  মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম রাব্বি হোসেন (২৫)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার ‘মিফতাহুল মাদরাসা’র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে রোববার (৮ নভেম্বর) রাতে পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে মামলায় গ্রেফতার দেখায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু মো. ওসমান গণি নাঈম (৯) ওই মাদরাসার শিক্ষার্থী। গত ৪ নভেম্বর বিকেলে শিক্ষক রাব্বি হোসেন তাকে ডেকে নিয়ে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দেন। যন্ত্রণায় ছটফট করলেও ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু বলেনি। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদরাসায় আসলে নাঈম কান্নায় ভেঙে পড়ে এবং তার মায়ের কাছে এই অমানুষিক নির্যাতনের কথা প্রকাশ করে।

বিষয়টি জানার পর রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নেমে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে শিশুকে নির্যাতনের কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুর মায়ের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। শিশুদের সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/ইএস