সাম্প্রতিক
Skip to content

চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন

ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনসংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে। তবে চিঠিটি আদৌ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে হাইকমিশন সূত্র।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ইমেইলে চিঠিটি পাঠানো হয়। এতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে চিঠিতে শেখ হাসিনার অনুমোদনের কোনো প্রমাণ না থাকায় এর সত্যতা নিয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন। ইতোমধ্যে চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে, শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনগতভাবে পলাতক কোনো আসামি পাসপোর্ট পেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো সুযোগ নেই।’ একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে এই আবেদনকে শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তাঁর এই উদ্যোগকে ঘিরে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এনএনবাংলা/