সাম্প্রতিক
Skip to content

মজুরি বোর্ডের বৈঠক

৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ

আজ দুপুরে মজুরি বোর্ডের কাছে স্মারকলিপি দেন শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের নেতারা। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। তবে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় কোনো প্রস্তাব দিতে পারেনি মালিকপক্ষ। নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব জমা দিতে এক সপ্তাহ সময় চেয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে এসব তথ্য জানানো হয়।

বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলমান থাকায় সব মালিকের কাছ থেকে প্রস্তাব সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে তারা এক সপ্তাহ সময় চেয়েছেন।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।

এর আগে সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ দাবিতে মজুরি বোর্ডে স্মারকলিপিও জমা দেওয়া হয়। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোটের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে মূল মজুরি মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের বেতন কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রমিক প্রতিনিধিদের দাবি, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।

তাদের মতে, মোট মজুরির তুলনায় মূল মজুরির অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক ও চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন কাজ করার পরও মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করেছেন তারা। ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবি বিবেচনায় নিয়ে সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করার কথাও জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

এদিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করছে। সংগঠনটির সদস্যরা তাদের দাবির পক্ষে কর্মসূচি পালন করছেন।

এনএনবাংলা/