শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করে আলোচনায় আসা ইমতিয়াজ সুলতান ইকরামকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ইকরামের পেটে গুলি লাগে।
আহত অবস্থায় ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তার পরিবারের সদস্যরা।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) কাজী মো. বিধান আবিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে ইকরামকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি জানান, সোমবার দুপুরে বাসা থেকে নিচে নামার পরই তার স্বামীকে গুলি করা হয়। এ হামলার জন্য তিনি সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তার অনুসারী রায়হান, সাবের এবং ইসমাইলকে দায়ী করেছেন।
স্মৃতির অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় বিভিন্ন সময়ে মামলাও করেছেন তারা। তার দাবি, অস্ত্র দিয়ে ফাঁসিয়ে ইকরামকে আগেও গ্রেপ্তার করানো হয়েছিল।
এর আগে গত বছরের ১৪ নভেম্বর বিদেশি নম্বর থেকে ইকরামকে প্রাণনাশের হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন তার স্ত্রী। ওই বার্তায় গুলি করে নয়, ব্লেড দিয়ে খুঁচিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার জন্য সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন ইকরাম।
চলতি বছরের ২০ মার্চ নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইকরামের স্ত্রী স্মৃতি। সেখানে তিনি দাবি করেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করায় তাদের হুমকি দেওয়া হচ্ছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিংক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব। সে সময় ইকরামের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছিল র্যাব। তবে ইকরামের স্ত্রী অভিযোগ করেছিলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
এনএনবাংলা/
