আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না

আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিন্ন কোনো ব্যানারে বা অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে আওয়ামী লীগের নিজস্ব দলীয় ব্যানারে কোনো কর্মসূচি পালন করলে তা স্পষ্টত আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং সরকার এ বিষয়ে কড়া আইনি ব্যবস্থা নেবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. জাহেদ উর রহমান বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেই বিচার প্রক্রিয়া বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান রয়েছে। তবে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী ও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ রয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানার, লোগো বা দলীয় পরিচিতি ব্যবহার করে কোনো সভা, মিছিল বা সমাবেশ করার সুযোগ নেই।
উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি যিনি অতীতে আওয়ামী লীগ করেছেন বা দলটির সাথে যুক্ত ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধের মামলা না থাকে, তিনি যদি কারাগারে না থাকেন অথবা আদালত থেকে জামিনে থাকেন—তবে অন্য কোনো সাধারণ বা সামাজিক সভা-সমাবেশ করার ক্ষেত্রে তার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। নাগরিক হিসেবে তিনি সেই অধিকার পাবেন।
তবে সাংবাদিকরা যখন উল্লেখ করেন যে সাবেক ওই সংসদ সদস্যের সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ব্যবহার করা হয়েছে, তখন তথ্য উপদেষ্টা কঠোর বার্তা দিয়ে বলেন, “এটা যদি হয়ে থাকে, তবে নিশ্চিতভাবেই আইন ভঙ্গ হয়েছে। আমি আপনাদের নিশ্চিত করছি, এই আইন লঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
একই সংবাদ সম্মেলনে ওই সাবেক সংসদ সদস্যের নামে মামলা থাকা সত্ত্বেও বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না—এমন প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। তিনি জানান, শুধু মামলা থাকলেই একজন মানুষের দেশে আসা বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইনি সমস্যা হয় না। মূল বিষয় হলো, ওই ব্যক্তি আদালতের চোখে ফিউজিটিভ বা ফেরারি (পলাতক) কি না, কিংবা তার নামে কোনো সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না এবং তিনি তা এড়াতে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করছেন কি না। এই বিষয়গুলো নিখুঁতভাবে খুঁটিয়ে দেখার ব্যাপার রয়েছে এবং প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এনএনবাংলা/ইএস
