চসিকের ৬ কর্মকর্তা ও ২ ডিপো মালিকের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স মূল্যায়নে জালিয়াতি করে ১৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে করপোরেশনের ছয় কর্মকর্তা ও দুটি বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১’র উপপরিচালক মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা করা হয়।
মামলা দুটিতে চসিকের রাজস্ব সার্কেল-৮’র কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে আসামি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে সিটি করপোরেশনের বার্ষিক কর মূল্যায়ন পরিবর্তন করে হোল্ডিং ট্যাক্স ফাঁকির অভিযোগে দণ্ডবিধির ৪৭৭(ক), ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দুটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম।
দুদক সূত্রে জানা যায়, ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে করা ৩ নম্বর মামলায় চসিকের কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ছাড়াও অবসরপ্রাপ্ত উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, সহকারী কর আদায়কারী মো. মনজুর মোরশেদ, রাজস্ব সার্কেল-৭’র হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং বেসরকারি কন্টেইনার ডিপো ইনকনট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ হারুনকে আসামি করা হয়েছে। ইউসুফ আবদুল্লাহ হারুন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য।
অন্যদিকে, একই পরিমাণ রাজস্ব ক্ষতির অভিযোগে ৪ নম্বর মামলায় নুরুল আলম ছাড়াও চসিকের রাজস্ব সার্কেল-৭’র উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন, রাজস্ব সার্কেল-৮’র হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং বেসরকারি কন্টেইনার ডিপো মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেমকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চসিকের কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের আপিল ফরম (পি ফরম) ও ফিল্ড বুকের মূল্যায়নে জালিয়াতি করেন। নথিতে নির্ধারিত অঙ্কের শুরুতে থাকা ‘২’ সাদা ফ্লুইড দিয়ে মুছে দিয়ে পরিবর্তিত অঙ্ক ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে তা রিভিউ বোর্ডে উপস্থাপন করা হয়। এতে ইনকনট্রেড লিমিটেডকে অবৈধ সুবিধা দেওয়ার মাধ্যমে বছরে ২ কোটি ৮০ লাখ টাকা করে তিন বছরে মোট ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একই পদ্ধতিতে মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের ক্ষেত্রেও নথির মূল্যায়নে থাকা অঙ্কের শুরুতে ‘২’ সাদা ফ্লুইড দিয়ে মুছে পরিবর্তিত অঙ্ক ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখিয়ে রিভিউ বোর্ডে উপস্থাপন করা হয়। এতে প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দিয়ে তিন বছরে চসিকের ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে, চসিকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি প্রকাশ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় সিটি করপোরেশন।
এনএনবাংলা/এফএস
