সাম্প্রতিক
Skip to content

বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা

ছবি: নিউ নেশন অনলাইন

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য একজন রোগীর অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারবেন গ্রাহকরা। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। অর্থাৎ চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে।

একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমেই এসব খরচের অর্থ বিদেশে পাঠানো যাবে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে এডি ব্যাংকগুলোর ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কয়েকটি খাতে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ছাড় করতে পারবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো।

শিক্ষার ক্ষেত্রেও এসেছে নতুন সুবিধা। আগে বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো। নতুন নিয়মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষার ব্যয় সরাসরি বিদেশে পাঠাতে পারবে ব্যাংকগুলো। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

এ ছাড়া পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে (করেসপন্ডেন্স কোর্স) নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এসব খাতেও ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

সার্কুলারে দেশে ফেরার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা জমা রাখার বিষয়েও সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে আবাসিক বাংলাদেশিরা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজে (Form FMJ) পূরণ করে ঘোষণা দেওয়া বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে পারবেন। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতের জন্য আনা বৈদেশিক মুদ্রাও এ সুবিধার আওতায় থাকবে।

তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এনএনবাংলা/