সাম্প্রতিক
Skip to content

রাজধানীতে হঠাৎ বজ্রবৃষ্টি, ৮ বিভাগেই বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

সারাদিনের গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ শুরু হয়েছে বৃষ্টি ও বজ্রপাত। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এতে দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সঙ্গে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ৮ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।

এনএনবাংলা/এনজেড