নারায়ণগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা খলিলুর রহমানকে ঘিরে দুর্নীতির অভিযোগ

নারায়ণগঞ্জের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা খলিলুর রহমানকে ঘিরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তার পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ এবং ব্যক্তিগত সম্পদের উৎস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের ভূমি অধিগ্রহণ দপ্তরের বিভিন্ন কার্যক্রমে খলিলুর রহমানের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, তার সম্মতি ছাড়া গুরুত্বপূর্ণ অনেক ফাইলের কার্যক্রম এগোয় না।
এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে তাকে বরগুনায় বদলি করা হয়।
এদিকে তার ব্যক্তিগত সম্পদ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে তার একটি প্লট, যাত্রাবাড়ী ও মালিবাগ এলাকায় ফ্ল্যাট এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি রয়েছে। সরকারি চাকরি থেকে প্রাপ্ত আয় ও আয়কর নথিতে ঘোষিত সম্পদের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
এ ছাড়া তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও আলোচনায় এসেছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে অর্থায়নের অভিযোগও উঠেছে।
ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম। এ দপ্তরের মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ নির্ধারণ এবং অর্থ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। তাই এ ধরনের দপ্তরের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে অধিগ্রহণের ক্ষতিপূরণ নির্ধারণ, অর্থ ছাড় এবং ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, “এসব অভিযোগ মিথ্যা। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে তদন্ত করে দেখতে পারেন।”
অন্যদিকে, এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এর সাথে মোঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখব এবং আমরা সতর্ক থাকব। অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখব।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে। একই সঙ্গে কর্মকর্তার সম্পদের উৎস, পূর্ববর্তী কর্মস্থলে ওঠা অভিযোগ এবং বর্তমান দপ্তরের কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যথাযথভাবে যাচাই করা হবে।
এনএনবাংলা/
