সাম্প্রতিক
Skip to content

ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ২ জনের মৃত্যু

ছবি: নিউ নেশন অনলাইন

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭২ জন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৬ জনে। এর মধ্যে নভেম্বরে প্রথম সপ্তাহে মারা গেছেন ৪৪ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ২০৬ জন, চট্টগ্রামে ১১৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৯৬ জন, চট্টগ্রামে ২৪৭, সিলেটে ১৯৩, বরিশালে ১৪১, খুলনায় ১০৪, রাজশাহীতে ৬১, ময়মনসিংহে ৬০ এবং রংপুরে ২৮ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৪ হাজার ১৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএনবাংলা/