সাম্প্রতিক
Skip to content

রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আ’গুন

ছবিঃ সংগৃহীত

রাজধানীর চারটি এলাকায় মঙ্গলবার রাতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মিরপুরে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত ককটেলটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

এরপর রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয় বলে নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম। রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে কয়েকজন পালিয়ে যায় বলে জানান বনানী থানার ওসি মো. সালাউদ্দিন। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

এদিকে, দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

অন্যদিকে, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করা ‘চিড়িয়াখানা সিটি পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শাহ আলী থানার ওসি রাজীব হোসেন জানান, কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকাসহ সাতটি জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ১৯টিই ঘটেছে রাজধানীতে।

সরকারের পক্ষ থেকে এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখা হচ্ছে এবং এ ধরনের তৎপরতা কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/ইএস