সাম্প্রতিক
Skip to content

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এদিন প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার এবং পাকিস্তান ও মলদোভার প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমনোভিচ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।

তিনি জানান, সৌজন্য সাক্ষাতে বিশ্বনেতারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চেয়েছে বাংলাদেশ।

ব্রিফিংয়ে কৌশলগত ও ভূ-রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের চেয়েও বর্তমানে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিকে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া ‘মক্কা চুক্তি’ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পেলে বাংলাদেশ সেটি ইতিবাচক হিসেবেই বিবেচনা করবে।

এর আগে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ এর সম্মেলনস্থলে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

লিডার্স সামিটের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিশ্বনেতাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

সুত্র: বাসস

এনএনবাংলা/এনজেড