সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত সব অপরাধের যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটিতে সব রাজনৈতিক দল ও নেতাদের অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ থাকা উচিত বলেও মনে করে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক সংস্থাটির এই অবস্থানের কথা তুলে ধরেন।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে ব্যাপক প্রাণহানির বিষয়টি উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

জবাবে ফারহান হক বলেন, এই সুনির্দিষ্ট বিষয়ে তার নতুন কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, তাদের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোসহ বাংলাদেশে সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু জবাবদিহি দেখতে চায় সংস্থাটি।

রাজনৈতিক পরিবেশের বিষয়ে উপ-মুখপাত্র আরও বলেন, জাতিসংঘ বিশ্বাস করে যেকোনো দেশে সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার পূর্ণ অধিকার থাকা উচিত।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং আরও কয়েক হাজার মানুষ আহত হন।

এনএনবাংলা/ইএস