নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিনটি ঠিক করা হয়েছিল। যুক্তিতর্কের সময় আসামি সাগর তার মালিকানাধীন সব সম্পত্তি (১২ শতাংশ জমি) ভুক্তভোগী পরিবারকে লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে রেহাই পাওয়ার আবেদন জানান। তবে আদালত তার সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক সাগর ওই ছাত্রীকে মাদরাসার ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ কথা বাইরে প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে ও আতঙ্কে শিশুটি বিষয়টি চেপে যায় এবং মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
কিছুদিন পর শিশুটির শারীরিক গঠন পরিবর্তন হতে থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে ধরা পড়ে যে শিশুটি অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।
মামলাটি জানাজানি হওয়ার পর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। ছায়াতদন্তে নামে তৎকালীন র্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
বিচার চলাকালীন গত ২ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। এরপর আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠায়। পরীক্ষায় নবজাতকের ডিএনএ-র সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ-র ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়, যা তার অপরাধকে নিঃসন্দেহে প্রমাণ করে।
এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট দুই ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষিত হলো।
এনএনবাংলা/ইএস

