সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ছুটি ঘোষণা ৪১ কারখানায়

ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শ্রমিক অসন্তোষের মুখে ওই এলাকার ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে এসে হাজিরা দেওয়ার পর কাজ না করে বেরিয়ে যান। এরপর তারা চার থেকে পাঁচটি স্পটে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলিতে হতাহতের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছেন তিনি। তিনি স্পষ্ট জানান, পুলিশ কোনো ধরনের শর্টগান বা রাবার বুলেট ব্যবহার করেনি।

শ্রমিক অসন্তোষের জেরে যে ৪১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, সিএসএল নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন, মুন রেডিওয়্যারস, টেক ম্যাক্স, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস, ইয়াগী বাংলাদেশ, স্টারলিং স্টাইলস, বানদো ডিজাইন, সিনসিন অ্যাপারেলস, সাদ ফ্যাশন এবং রেজা ফ্যাশন লিমিটেড। এছাড়া দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোও বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মালিকপক্ষ এখনও কোনো পাল্টা প্রস্তাব দেয়নি; তারা প্রস্তাব তৈরি করতে এক সপ্তাহের সময় চেয়েছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে তাদের মজুরি প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা ব্যর্থ হলে বোর্ড নিজেই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সব মালিকের মতামত নেওয়া সম্ভব না হওয়ায় তারা সময় চেয়েছেন।

এর আগে পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের ৫টি জোটের পক্ষ থেকে ৩২,১৩১ টাকা ন্যূনতম মজুরির দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। যেখানে মূল মজুরি (বেসিক) মোট বেতনের ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবি জানানো হয়েছে।

শ্রমিক নেতারা বলছেন, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান বিবেচনায় একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো জরুরি। মূল মজুরির হার কম হলে শ্রমিকরা ওভারটাইম ও চাকরি শেষে সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো এশীয় দেশগুলোর মজুরি কাঠামো পর্যালোচনার দাবিও জানিয়েছেন তারা।

এনএনবাংলা/ইএস