কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক সময়ে আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরেও একই মালিকের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাসের মালিক স্বজল মিয়া জানান, মেরামতের জন্য তাঁর দুটি বাস দুই জায়গায় রাখা হয়েছিল। সোমবার সকালে একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, একই দিনে পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এনএনবাংলা/
