ভেঙে পড়লো উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

বরিশালের কীর্তনখোলা নদীতে অবস্থানরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের সামনের অংশ (বুম) হঠাৎ ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়া বুমটি পাশে থাকা একটি হাউসবোটের ওপর আছড়ে পড়লে নৌযানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জাহাজ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়মিত সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সকালে ‘নির্ভীক’-এর ক্রেনটি সচল করা হয়েছিল। জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, ক্রেনটি চালু করার মাত্র পাঁচ সেকেন্ডের মাথায় আকস্মিক যান্ত্রিক ও কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ক্রেনের ভারী বুম অংশটি বিচ্ছিন্ন হয়ে জাহাজের সামনে নোঙর করা একটি হাউসবোটের ওপর পড়ে।
ভারী বুমের চাপে হাউসবোটটি প্রায় ডুবে যাওয়ার উপক্রম হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাম্পের সাহায্যে পানি নিষ্কাশন করে হাউসবোটটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন। কমান্ডার আব্দুল্লাহ আল বাকী আরও জানান, দুর্ঘটনার আকস্মিকতায় ক্রেন চালকের আসনে থাকা মাস্টার ইউনুস সিকদার জ্ঞান হারিয়ে ফেললেও প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।
ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহড়া চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, নদীতে পড়ে থাকা ‘নির্ভীক’-এর ক্ষতিগ্রস্ত ক্রেন ও বুমটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে অপর একটি শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ইতিমধ্যেই বরিশালের উদ্দেশে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিত করেছে।
এনএনবাংলা/ইএস

