সাম্প্রতিক
সহিংসতা দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সারাদেশ জ্বালানি সংকট ও দুর্নীতির দায় শ্রমিকের কম মজুরিতে চাপানো ঠিক নয় সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরলেন আটকে পড়া ৯০০ পর্যটক ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ ১ম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭–১৯ ডিসেম্বর শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ছবি: এআই সাহায্যে তৈরি

১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, অবিলম্বে এই বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।

রিট আবেদনে বলা হয়, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অবাধে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর ফলে শিশুদের মধ্যে একাকিত্ব, হতাশাসহ বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।

রিটে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়। ওই গবেষণা অনুযায়ী, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমাও ছাড়িয়ে যাচ্ছে তাদের এই অভ্যাস।

গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে। শিশুদের ওপর অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে রিটে।

এনএনবাংলা/