সহিংসতা দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সারাদেশ

দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিসহ কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, মহাসড়ক ও স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর সচিবালয়, আদালত, বিমানবন্দর, রেলস্টেশন ও নৌবন্দরের পাশাপাশি দেশের প্রধান শিল্পাঞ্চল ও মহাসড়কগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে সহিংসতায় সরকারি-বেসরকারি জনসেবামূলক স্থাপনা ও রাজনৈতিক নেতাদের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে নাশকতা ও জননিরাপত্তার ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীগুলো।
এবারের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তির ব্যবহারে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মাঠপর্যায়ের টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালাচ্ছে বিজিবি।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন অব্যাহত রাখতে দেশের বিভিন্ন জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন।
নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছেন আনসার সদস্যরা।
এদিকে, তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিকল্পনা নিচ্ছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটি অপরাধ দমন ও পুলিশিং ব্যবস্থার আধুনিকায়নে একাধিক সুপারিশ করেছে।
সুপারিশে রাজনৈতিক সহিংসতা, উগ্রবাদ, সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণের পাশাপাশি মানবপাচার প্রতিরোধে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। অনলাইন প্রতারণা, জালিয়াতি ও আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি স্মার্ট ট্র্যাকিং সিস্টেম, বডি-ওর্ন ক্যামেরা ও অনলাইন জিডি সেবা সম্প্রসারণ, পুলিশের প্রশিক্ষণ ও লজিস্টিক সুবিধা বৃদ্ধি এবং মানবাধিকার ও জবাবদিহিতাভিত্তিক পুলিশিং জোরদারের সুপারিশ করা হয়েছে। আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিভিন্ন বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি)।
সব মিলিয়ে মাঠপর্যায়ের নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর নজরদারি ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনার মাধ্যমে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ করে জনজীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়েছে সরকার।
এনএনবাংলা/


