চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন

তুরস্কের আনতালিয়ায় দুই সপ্তাহের আলোচনা, দর-কষাকষি ও একাধিক খসড়া প্রস্তাবের পরও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনের অর্থায়ন নিয়ে দেশগুলোর মতবিরোধের কারণে ‘আনতালিয়া প্যাক্ট’ নামে প্রস্তাবিত সিদ্ধান্ত গৃহীত হয়নি। পরিবেশকর্মীরা একে নজিরবিহীন ব্যর্থতা হিসেবে দেখছেন।
গত শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে আলোচনা গড়ায় রোববার পর্যন্ত। নির্ধারিত সময়ের ৪৪ ঘণ্টারও বেশি সময় অতিরিক্ত আলোচনা চললেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামাসহ কয়েকটি দেশের আপত্তিতে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, প্রস্তাবিত সিদ্ধান্ত গ্রহণের মতো সমঝোতা তৈরি হয়নি।
সম্মেলনের সবচেয়ে বড় বিরোধ ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসহ কয়েকটি দেশ কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের স্পষ্ট রোডম্যাপ চেয়েছিল। কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতায় সর্বশেষ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধ বা কমানোর কোনো সুনির্দিষ্ট সময়সীমা কিংবা কর্মপরিকল্পনা রাখা হয়নি। ২০২৩ সালের কপ২৮ সম্মেলনের অঙ্গীকারের কথা শুধু স্মরণ করা হয়েছে।
জলবায়ু অর্থায়ন নিয়েও বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। উন্নয়নশীল দেশগুলো ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের দাবি জানালেও সর্বশেষ খসড়ায় নির্দিষ্ট এই অঙ্ক রাখা হয়নি। অর্থের উৎস, বণ্টন ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থপ্রাপ্তির নিশ্চয়তাও স্পষ্ট করা হয়নি। ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও আসেনি।
এদিকে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জন ক্রমেই কঠিন হয়ে পড়ার বিষয়টি খসড়ায় স্বীকার করা হলেও এ সীমার নিচে ফিরে আসার কার্যকর পথনকশায় দেশগুলো একমত হতে পারেনি।
সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতিমণ্ডলী তিন দফায় সিদ্ধান্তের খসড়া প্রকাশ করে। সর্বশেষ খসড়ায় ৯৪টি অনুচ্ছেদ থাকলেও তা গ্রহণযোগ্যতা পায়নি। সমাপনী অধিবেশনেও উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত সভাপতি জানান, নতুন কোনো খসড়া প্রকাশ করা হবে না এবং আগের সম্মেলনগুলোর সিদ্ধান্ত ও অঙ্গীকার বহাল থাকবে।
কপ৩১-এর অচলাবস্থা বাংলাদেশের জন্যও উদ্বেগের। সম্মেলনের শেষ দুই দিনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ, জলবায়ু অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানি নিয়ে গুরুত্বপূর্ণ দর-কষাকষির সময় বাংলাদেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশে ফিরে যাওয়ায় আন্তর্জাতিক আলোচনায় জোরালো অবস্থান তুলে ধরার ঘাটতি তৈরি হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ অসুস্থ থাকায় শেষ দিকের বৈঠকেও অংশ নিতে পারেননি।
তবে সম্মেলনে বাংলাদেশের আর্থিক প্রাপ্তির তথ্য তুলে ধরেছেন ড. সাইমুম পারভেজ। রোববার সকালে দেশে ফিরে তিনি জানান, দুটি আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশ প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো পাওয়া যাচ্ছে।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, কপ৩১-এর অচলাবস্থা প্রমাণ করেছে, জলবায়ু সংকটের ভয়াবহতা স্বীকার করলেও দায় ও দায়িত্ব ভাগাভাগির প্রশ্নে দেশগুলোর মধ্যে বড় ব্যবধান রয়েছে। অন্যদিকে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের মতে, নতুন সমঝোতা না হওয়ায় আগের জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব আরও বেড়েছে।
আগামী ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে কপ৩২। আনতালিয়ার অমীমাংসিত আলোচনা ও মতবিরোধের বিষয়গুলো নিয়েই সেখানে আবার আলোচনায় বসবেন বিশ্বনেতারা।
এনএনবাংলা/


