রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে: আইসিজে

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে দেশটিকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়, গণহত্যা সনদের বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে মিয়ানমার। এ কারণে সনদের ৫ অনুচ্ছেদের অধীনে বিদ্যমান বাধ্যবাধকতা লঙ্ঘন বন্ধ করতে দেশটিকে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আরও বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গণহত্যা সনদের ৩ অনুচ্ছেদে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত শুরু করতে হবে।
আদালতের অষ্টম ও নবম সিদ্ধান্তে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আইসিজে জানিয়েছে, গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা আর লঙ্ঘন করবে না—এমন নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিতে হবে মিয়ানমারকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণমূলক ও পুনর্বাসনমূলক ব্যবস্থা (রেস্টিটিউশন) গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের দশম ও একাদশ সিদ্ধান্তে রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়টি স্পষ্ট করা হয়। আদালত বলেন, গণহত্যা প্রতিরোধে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে।
তবে ক্ষতিপূরণের পরিমাণ কত হবে এবং কী পদ্ধতিতে ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার দেওয়া হবে, তা আন্তর্জাতিক বিচার আদালতই নির্ধারণ করবেন বলে সিদ্ধান্তে জানানো হয়েছে।
আদালতের বিচারক ইউজি এসব সিদ্ধান্তের পঞ্চম থেকে একাদশ অংশ পাঠ করে শোনান।
এনএনবাংলা/

