সাম্প্রতিক
অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি যশোর-নড়াইলে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ চালকসহ আহত ২ ‘আমার ভাইরে তাজা আইনে দাও, আমি এর বিচার চাই’—নড়াইলে নিহত বিএনপি নেতার বোনের আর্তনাদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ডেঙ্গু কেড়ে নিল ২ প্রাণ মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার ভয়াবহ প্রমাণ পেয়েছে আইসিজে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
Skip to content

মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার ভয়াবহ প্রমাণ পেয়েছে আইসিজে

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার রায় পড়ছেন বিচারক ইউজি ইওয়াসাওয়া। ছবি: ইপিএ

মিয়ানমারের সেনাবাহিনীর ২০১৭ সালের দমন-পীড়ন অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ অপরাধের প্রমাণও পেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে। এমনকি বাংলাদেশে পালিয়ে আসার পথেও তাঁদের ওপর হামলা করা হয়েছে।

বিচারক জানান, আদালতের পর্যালোচনা করা প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে। এ সময় পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা এবং নির্যাতন চালানো হয়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ বা নির্মূল অভিযান শুরু করে। এর আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিরাপত্তা চৌকি ও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং গ্রাম পোড়ানোর ঘটনা ঘটিয়েছিল বলে আদালতে উল্লেখ করা হয়। তবে বিচারক বলেন, আরসার এসব কর্মকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ও অন্যান্য সহিংসতারও পর্যাপ্ত প্রমাণ আদালতের সামনে এসেছে।

আদালতের পর্যবেক্ষণে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্প ও সংস্কৃতি রয়েছে। তাঁরা নিজেদের পৃথক জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেন। কয়েক দশক ধরে মিয়ানমারে এই জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। ফলে গণহত্যা সনদের আওতায় সুরক্ষার যোগ্য জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিবেচনা করেছে আদালত।

বিচারক আরও জানান, ২০১৭ সালের অভিযান শুরুর আগে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা গণহত্যা সনদের আওতায় একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য যথেষ্ট।

ছবি: ইপিএ

রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্যে মিয়ানমার কর্তৃপক্ষ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলেও আদালতে তুলে ধরা হয়। বিচারক বলেন, ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সন্তানসংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমিত রাখার বিধান ছিল।

মিয়ানমার স্বীকার করেছে, এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো। যদিও বাস্তবে জন্মহার নিয়ন্ত্রণে নীতিগুলো সফল হয়নি। বিচারক বলেন, আদালত নিশ্চিত হয়েছেন, এসব বিধিনিষেধ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপ প্রয়োগের একটি ব্যবস্থা ছিল। অন্তত নির্মূল অভিযানের সময় তাদের জন্মহার কমানোর উদ্দেশ্য এতে কাজ করেছে। অন্যান্য পদক্ষেপের সঙ্গে মিলিয়ে এসব নীতি রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধের অভিপ্রায়ের ইঙ্গিত দেয়।

রোহিঙ্গাদের ওপর যৌন সহিংসতার ঘটনাগুলোও আদালতের পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিচারক বলেন, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গা নারীদের সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা।

এদিকে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের আন্তর্জাতিক দায়বদ্ধতার বিষয়টিও ব্যাখ্যা করেছেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, কোনো রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রের ওপর আরোপযোগ্য হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে।

তবে ব্যক্তির ফৌজদারি অপরাধের দায় এবং রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা এক বিষয় নয়। রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে, যা ব্যক্তির ফৌজদারি দায়ের মতো নয়।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে আইসিজের রায় পাঠ ও ব্যাখ্যা এখনো চলছে। বিচারক ইওয়াসাওয়া আদালতের সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া এবং এ বিষয়ে বিভিন্ন প্রমাণের মূল্যায়ন তুলে ধরছেন।

এনএনবাংলা/