কিউবা কিংবা ভেনেজুয়েলা নয় ইরান, এবার আগে হামলার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করেই পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত আরেকটি সামরিক অভিযানের জন্য সময় নিতেই কূটনীতিকে ব্যবহার করছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেহরান তিনটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেগুলো হচ্ছে–কূটনীতি, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন। ফারস নিউজ এজেন্সি সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা একে অবরোধ করে রাখবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা চাপ দিয়ে আত্মসমর্পণ করাবেন।’ আকাশপথ বা স্থলপথ—কোনও ধরনের অবরোধের মাধ্যমেই মার্কিন বাহিনী এখন পর্যন্ত সফল হতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘নতুন পাল্লার’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও দাবি করেন ইরান সরকারের এই প্রতিনিধি।
গারিবাবাদি ইঙ্গিত দেন, ওয়াশিংটন হয়তো আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতাকে কাজে লাগাচ্ছে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে অভিহিত করার বিষয়টি নাকচ করে দিয়ে তিনি জানান, ইরান এখনও যুদ্ধাবস্থাতেই রয়েছে।
তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, আইনি দৃষ্টিকোণ থেকে আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি; এটি কোনো যুদ্ধ নয়, শান্তিও নয় ধরনের পরিস্থিতি নয়।’
গারিবাবাদি জানান, তেহরানের শর্তাবলি পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আইআরজিসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেবে না।
জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাটি সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানানোর পরই গারিবাবাদি এই মন্তব্য করলেন। তিনি বলেন, ‘ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনে সংস্থাটির এই অনুরোধ সম্ভবত মার্কিন সমরাস্ত্রের কার্যকারিতা মূল্যায়নেরই একটি অংশ।’
এনএনবাংলা/এনজেড

