সাম্প্রতিক
Skip to content

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ নভেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে ১৬ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর নাম দেওয়া হবে ‘আকভান’।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।

এনএনবাংলা/এফএস