সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশের সামরিক বিমান পাঠিয়ে হাসিনাকে ফেরত নেওয়ার বিষয়ে যা বলল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি কোলাজ: নিউ নেশন বাংলা

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান পাঠানোর শর্ত আরোপের খবর নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে কয়েকটি শর্ত দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে, তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে এবং দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই প্রচেষ্টাও সফল হয়নি।

শুক্রবারের সংবাদ সম্মেলনে হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার সংলাপ নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে নির্ধারিত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

এনএনবাংলা/