হাম ও উপসর্গে মৃ’ত্যু ১,৩০০ ছাড়াল

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি ১০৫ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২১৩, চট্টগ্রামে ১২০, রাজশাহী ও ময়মনসিংহে ৯৩ জন করে, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৪, চট্টগ্রামে ২৩৩, সিলেটে ১৬৮, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৭৮, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৪ জন ভর্তি হয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। তাদের মধ্যে ২৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা আক্রান্তদের সবার নমুনা পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্ত ও হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা নিরূপণ করা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে মূলত হাসপাতালে চিকিৎসা নিতে আসা এবং ভর্তি হওয়া রোগীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়।
এনএনবাংলা/

