এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহ’ত

গোপালগঞ্জে সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ফকির মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি যানবাহনের মধ্যে ছিল চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার নিজের গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।
এদিকে বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এনএনবাংলা/

