সাম্প্রতিক
Skip to content

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত তাবাসসুম।

রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে এনসিপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে।

এনএনবাংলা/এনজেড