সাম্প্রতিক
Skip to content

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ব্যস্ততম মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌচাক এলাকার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকরা। তবে কারখানায় প্রবেশ না করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সেখানে ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন।

অন্যদিকে, কোনাবাড়ীর এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এনএনবাংলা/এফএস