নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায়

আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার), বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রাণঘাতী অথচ প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।
নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতি বছর এদিনে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’।
ফুসফুসের প্রদাহজনিত ভয়ংকর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। এছাড়া অল্প বয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া।
সাধারণত ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজে বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তখন ফুসফুসে প্রদাহ হয়।
নিউমোনিয়া রোধে সবসময় পরিষ্কার করে হাত ধুতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, সুষম খাবার খেতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে। অন্যের সামনে হাঁচি বা কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি বা কাশি দেয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে।
শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। এখনো দেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দিনে ৭৩ শিশুর মৃত্যু হয়। সেই হিসেবে প্রতি বছর মৃত্যু হয় ২৬ হাজার ৭৬৬ শিশুর। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউনেটোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে পাঁচ বছরের নিচের শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। বিশেষজ্ঞরা বলছেন, টিকার কাভারেজের মাধ্যমে শক্ত ইমিউনিটি তৈরি করতে পারলে নিউমোনিয়ার সংক্রমণ থেকে আমাদের শিশুরাও বাঁচতে পারবে। অপুষ্টি, বায়ুদূষণ ও শিশুর কম ওজন নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। শিশুকে ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ায় আক্রান্তের ঝুঁকি ২৩ শতাংশ কমে যায়।
গত মঙ্গলবার বাংলাদেশ শিশু হাসপাতালের ৭ তলায় নিউমোনিয়া ওয়ার্ড ঘুরে দেখা যায়, নিউমোনিয়ার সঙ্গে অন্যান্য জটিলতা নিয়ে সারা দেশ থেকে আসা ভর্তি শিশুদের করুণ চিত্র—প্রতি নিঃশ্বাসে ছোট্ট বুকের ভেতর থেকে বেড়িয়ে আসছে ঘরঘর শব্দ, তার সঙ্গে বুক-পাঁজর ওঠানামা করছে, নাকের ছোট্ট ছিদ্র দিয়ে অক্সিজেনের নল ঢোকানো। চিকিত্সার খরচ চালাতে গিয়ে নিঃস্ব অভিভাবকদের উদ্বিগ্ন মুখ।
বিশেষজ্ঞরা বলেছেন, এ বছর নিউমোনিয়ায় শিশুমৃত্যু অন্য বছরের তুলনায় অনেক বেশি। কারণ হিসেবে বলেন, হামে আক্রান্ত শিশুদের বেশির ভাগের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। তারা বলছেন, বাংলাদেশে এখনো পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর ১ নম্বর কারণ নিউমোনিয়া। আমাদের দেশে যত শিশু মারা যায় তার এক-তৃতীয়াংশ মারা যায় নিউমোনিয়ায়। বাকি দুই-তৃতীয়াংশ মারা যায় অন্যান্য রোগে। নিউমোনিয়ার জাতীয় তথ্যে দেখা যায় ৯০-এর দশকে লক্ষাধিক শিশু নিউমোনিয়ায় মারা যেত। দেশে নিউমোনিয়ার টিকা শুরু হওয়ার ফলে মাঝখানে নিউমোনিয়া অনেক কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি এটা আবার সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। চিকিত্সকরা জানান, আমরা জটিল নিউমোনিয়া রোগী বেশি পাচ্ছি। এর কারণ হিসেবে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলছেন। তাদের দাবি, হাসপাতালে এমন বেশকিছু রোগী আসে, যাদের জন্য ডাক্তারদের বেশি কিছু করার থাকে না। নিউমোনিয়া রোগীর চিকিত্সা শুরুর দ্রুততার ওপর সুস্থ হওয়া নির্ভর করে বলেও জানান চিকিত্সকরা।
এনএনবাংলা/এনজেড

