Skip to content

দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় একটি কওমি মাদরাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ‘মাদরাতুস সুন্নাহ কওমি মাদরাসা’ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।

নিহত সাফায়েত বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের বাসিন্দা সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে সে ওই মাদরাসায় ভর্তি হয়েছিল।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মাদরাসার শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ থাকতে দেখেন পরিচালক মোকাররম হোসেন। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে সাফায়েতকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে আরও দুজনের সহায়তায় দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ভাষ্যমতে, শনিবার বিকেলেও সাফায়েতের দাদা মাদরাসায় এসে নাতির সঙ্গে দেখা করে সুস্থ অবস্থায় রেখে বাড়ি ফিরে যান। কিন্তু রাতেই তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানানো হবে।

এনএনবাংলা/ইএস