সাম্প্রতিক
Skip to content

গোপালগঞ্জে দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বর্নি, কুশলী এবং পাটগাতী এলাকায় এসব ঘটনা ঘটে। এতে পুরো উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে বর্নি ইউনিয়নের বর্নি মধ্যপাড়া বিশ্বাসবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বর্নি বাজারে পৌঁছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টি ভাঙচুরের পাশাপাশি ওই এলাকায় টাঙানো বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

পরবর্তীতে রাত ৮টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেন এবং বিএনপি সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকানপাটেও ভাঙচুর চালান। সবশেষ রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি মিছিল বের করা হলে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

হামলার বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী অভিযোগ করে বলেন, “বিকেলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে বর্নি বাজারে আমাদের যুবদল কার্যালয়ে তাণ্ডব চালায়। তারা অফিসের আসবাবপত্র, চেয়ার-টেবিল, ব্যানার ও ছবি ভাঙচুর করেছে।”

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা জানান, নিলফা বাজারের বিএনপি কার্যালয় ও বর্নি বাজারের যুবদল কার্যালয় ছাড়াও দলীয় নেতাকর্মীদের বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত এমন তাণ্ডব চালিয়ে জনমনে ভীতি সৃষ্টির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। কেন্দ্রের উচ্চপর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এনএনবাংলা/ইএস