সাম্প্রতিক
Skip to content

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার

ছবিঃ সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে টাকার লোভে এক যাত্রীকে জিম্মি করার সময় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে ফেলে দুই যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। 

নিহত দুই যুবক হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাই ও চাচা আতিক বসুনিয়াসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তাঁর চাচা আতিকের কাছে নগদ তিন লাখ টাকা থাকার বিষয়টি বাসের কর্মচারীরা জেনে যায়।

বাসের ভেতরে থাকা ভুক্তভোগী যাত্রী আতিক বসুনিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমার কাছে টাকা থাকায় তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিলেও আমাকে নামতে দেওয়া হয়নি। একপর্যায়ে বাসের সুপারভাইজার ও হেলপার আমার গলায় গামছা পেঁচিয়ে আমাকে জিম্মি করে। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকেই তাদের লাথি ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।”

আতিক বসুনিয়া আরও জানান, দুই যুবককে ফেলে দেওয়ার পর তিনি চিৎকার শুরু করেন। পেছনে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে চিকলী এলাকায় গিয়ে বাসটির গতিরোধ করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করলে তিনি প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে সকাল আটটার দিকে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, জিগাতলা এলাকায় সড়কের পাশে ওই দুই যুবককে পড়ে থাকতে দেখা যায়। সেখানে সাধারণ কোনো সড়ক দুর্ঘটনার চিহ্ন ছিল না। উদ্ধারকারীদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক একটি ঘটনা। অভিযুক্ত বাসচালক ও সুপারভাইজারকে ইতিমধ্যে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।” এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএনবাংলা/ইএস