ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায়

জ্বালানি তেল খালাস ও পরিবহনের দীর্ঘদিনের জটিলতা কাটাতে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম ভাসমান জেটি বা সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)। কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র থেকে পাইপলাইনের সাহায্যে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল নিয়ে আসা হবে। এতে তেল পরিবহনের সময় ১১ থেকে ১২ দিনের বদলে মাত্র ৪৮ থেকে ৭২ ঘণ্টায় নেমে আসবে এবং সরকারের বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, ভাসমান জেটিটি পূর্ণাঙ্গভাবে সচল করতে আগামী জানুয়ারি মাসের মধ্যেই পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম ও জনবল মোতায়েনের কাজ শেষ হবে। এরপর আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির শুরুতেই বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে চালু করা সম্ভব হবে।
প্রকল্পটির অর্থনৈতিক সুফল সম্পর্কে বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানান, প্রচলিত ব্যবস্থায় গভীর সমুদ্রে থাকা বড় জাহাজ থেকে ছোট লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সময়ের অপচয় হয়। পাশাপাশি তেল স্থানান্তরের সময় সিস্টেম লসের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এসপিএম পুরো সক্ষমতায় চালু হলে ছোট জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং পরিবহন ব্যয় ও সিস্টেম লস রোধ করে বছরে অন্তত ৮০০ কোটি টাকা সাশ্রয় করা যাবে।
এর আগে প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য গত ৫ নভেম্বর ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টাল’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিপিসি। ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে স্বাক্ষরিত পাঁচ বছর মেয়াদি এই চুক্তির ব্যয় ধরা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের চ্যানেলে গভীরতা বা নাব্যতা সংকট থাকায় বিদেশ থেকে জ্বালানি তেল নিয়ে আসা বিশালাকার জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারির জেটিতে ভিড়তে পারে না। বাধ্য হয়ে জাহাজগুলোকে কুতুবদিয়া দ্বীপ বা বহির্নোঙরে অবস্থান করতে হয়। সেখান থেকে ছোট লাইটার ট্যাংকারে করে তেল খালাস করে রিফাইনারি ও ডিপোতে পৌঁছাতে প্রায় ১১ থেকে ১২ দিন সময় লেগে যায়।
নতুন এই ভাসমান জেটি চালু হলে তেল পরিবহনের পুরো চিত্রই বদলে যাবে। গভীর সমুদ্রে নোঙর করা মাদার ভেসেল থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইন দিয়ে তেল সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে যাবে। পরবর্তীতে সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে এবং পরিশোধিত ডিজেল যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ নির্ধারিত স্থাপনাগুলোতে সরবরাহ করা হবে। এর ফলে সমুদ্রে জাহাজের অপেক্ষার সময় কমার পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত ও নিরাপদ হবে।
এনএনবাংলা/ইএস

