রিয়াদের দিকে হুতিদের ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।’
এর আগে পৃথক দুটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সমর্থন জানিয়ে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন এই সামরিক জোট। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলার ঘটনা বেড়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জ্বালানি ও পরিবহন অবকাঠামো, সামরিক স্থাপনা এবং দেশটির রাজধানী রিয়াদের আর্থিক বাণিজ্যিক এলাকা।
সৌদি রাজধানী রিয়াদ, এমনকি শহরটির আন্তর্জাতিক বিমানবন্দরও বিভিন্ন সময়ে হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
গত রোববার রিয়াদের আর্থিক এলাকায় সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি বহুতল ভবনে হুথিদের হামলায় ক্ষয়ক্ষতি হয়।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে দেশটিতে চালানো হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনই বিমানবন্দরগুলোতে চালানো হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, ইয়েমেনের যেসব এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব এলাকায় প্রায়ই সৌদি বিমান হামলার খবর প্রকাশ করে আসছে বিদ্রোহী গোষ্ঠীটি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেনে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে তিন লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এনএনবাংলা/এফএস

