দেশে প্রথমবারের মত আন্তর্জাতিক ঋণ সম্মেলন, উদ্বোধন আজ

সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজতে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে। কক্সবাজারে আজ রোববার সকালে দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় অর্থ মন্ত্রণালয় এর আয়োজন করছে।
‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স’ নামে সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, ঋণ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
অর্থ বিভাগের সম্মেলনবিষয়ক ব্রিফ অনুযায়ী, বাংলাদেশে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলংকার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে।
চার কারণে গুরুত্বপূর্ণ এবারের সম্মেলন : অর্থ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় চারটি কারণে এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে বিপুল বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়ন প্রয়োজন। দ্বিতীয়ত, ২০২৯ সালে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাসহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব সামলে ঋণের ব্যয় ও ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। চতুর্থত, দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রেখে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে প্রচলিত উন্নয়ন সহযোগীদের ঋণের পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার, বিদেশি বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণের উৎসে বৈচিত্র্য আনা এবং সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসবে।
বাড়ছে ঋণ পরিশোধের চাপ : ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খোঁজার অন্যতম কারণ হচ্ছে বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ১৩৫ কোটি ১২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
জানা যায়, সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনায় পৃথক ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। বর্তমানে সরকারের ঋণ গ্রহণ, তথ্য সংরক্ষণ ও পরিশোধ ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। এতে সমন্বিত ঋণ কৌশল তৈরি ও ঝুঁকি মূল্যায়নে জটিলতা তৈরি হচ্ছে। ২০২৫ সালের ৩ নভেম্বর অর্থ বিভাগে অনুষ্ঠিত এক কর্মশালায় আইএমএফ ও বিশ্বব্যাংকের যৌথ কারিগরি সহায়তা মিশন বাংলাদেশে সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার সুপারিশ করে। সম্মেলনে এ ধরনের দপ্তরের আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইনি কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রচলিত ঋণের বাইরে সোভরেন সুকুক, ব্লেন্ডেড ফাইন্যান্স, ক্রেডিট এনহ্যান্সমেন্ট, সোভরেন গ্যারান্টি এবং গ্রিন ও ব্লু বন্ডের মতো বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং স্থানীয় মুদ্রার বন্ড বাজার শক্তিশালী করার বিষয়ও থাকবে আলোচনায়।
এনএনবাংলা/এনজেড

