যশোর-নড়াইলে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ চালকসহ আহত ২

যশোর-নড়াইল মহাসড়কে একটি চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমাসদৃশ বিস্ফোরক ছুড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। হামলায় গাড়িটির চালক আগুনে দগ্ধ হয়েছেন এবং তার সহকারী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের বাসিন্দা। দগ্ধ চালক রাজিব হোসেন (৪৫) ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং আহত সহকারী হৃদয় হোসেন (৪০) একই এলাকার জনি শেখের ছেলে। বর্তমানে তারা দুজনই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) ভোরে যশোরের দিকে আসছিল। গাড়িটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগানে ওত পেতে থাকা চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে লাগলেও অপরটি খোলা জানালা দিয়ে সরাসরি চালকের কেবিনে ঢুকে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই কেবিনে আগুন ধরে গেলে চালক রাজিব আতঙ্কিত হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কাভার্ডভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে জ্বলন্ত কাভার্ডভ্যানটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাশহারুল হক ইমন আহতদের শারীরিক অবস্থার বিষয়ে জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। অন্যদিকে, বিস্ফোরণের সময় ছিটকে আসা ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের মুখ ও হাতে জখম হয়েছে। হাসপাতালে আনার পরপরই দুজনকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চলন্ত যানবাহনে এমন হামলার ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
এনএনবাংলা/ইএস

