সাম্প্রতিক
Skip to content

গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের পর আগুন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ক্লিনিক ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ক্লিনিকের আসবাবপত্রে আগুন দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি দল ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সেখানে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে হামলাকারীরা ভবনের নিচতলায় অবস্থিত ক্লিনিকের বিভিন্ন অংশ ও সংসদ সদস্যের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়।

পাঁচতলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত রয়েছে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পঞ্চম তলার নির্মাণকাজ চলমান। নিচতলায় ক্লিনিকের বাম পাশে একটি বড় কক্ষে সংসদ সদস্যের কার্যালয়। হামলার সময় নিচতলার ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ (রিসিপশন) ও চিকিৎসকদের চেম্বারে ভাঙচুর করা হয়। পরে তিনটি চেয়ারসহ কয়েকটি আসবাবপত্র ক্লিনিকের বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জামও লুট করে নিয়ে গেছেন। তবে ভবনের দোতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রোগীদের থাকার কেবিনগুলোতে হামলাকারীরা যাননি।

ভবনের কেয়ারটেকার খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাঁদের দেখাশোনার জন্য কয়েকজন নার্সও দায়িত্বে ছিলেন। হামলা ও ভাঙচুরের পর রোগী ও নার্সরা সেখান থেকে চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আরও দুটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এনএনবাংলা/