টুঙ্গিপাড়ার এমপি জিলানীর বাড়িতে আ’গুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এ সময় পুলিশের একাধিক গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় হামলার পর সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার টুঙ্গিপাড়া শহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ওই আসামিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন।
এদিকে, দফায় দফায় মিছিল, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
থানায় হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা অবস্থায় দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।
এনএনবাংলা/

