সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও ঘণীভূত হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমানের স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৮-এ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ ১৭ নভেম্বর রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২২৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি বর্তমানে একই এলাকায় (১২.১° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৮° পূর্ব দ্রাঘিমাংশ) কার্যত স্থির রয়েছে এবং এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর পুনঃ ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে গতকাল এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ১৬ নভেম্বর দুপুরে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এনএনবাংলা/এনজেড