৪৭ বছরে দ্যা নিউ নেশন

বাংলাদেশের প্রথম বেসরকারি ইংলিশ পত্রিকা দ্যা নিউ নেশনের আজ জন্মদিন। দীর্ঘ পথচলায় ৪৭ বছরে পা দিল দ্যা নিউ নেশন। প্রতিষ্ঠানটির বিশেষ এই দিনে পাঠক ও শুভানুধ্যায়ীদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব আরশাদ হোসেন।
দীর্ঘ যাত্রাপথে ‘দ্য নিউ নেশন’ দেশের সংবাদপত্র শিল্পে বেশ কিছু সফল উদ্ভাবন নিয়ে এসেছে। পত্রিকাটি গণতন্ত্র, সাংবিধানিকতা, মানবাধিকার, সুশাসন এবং সাংবাদিকতার বস্তুনিষ্ঠতার প্রতি এর অঙ্গীকার অটুট রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘দ্য নিউ নেশন’ তার মূল চেতনাকে সমুন্নত রেখেছে—বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে জনগণের অবিচল কণ্ঠস্বর এবং সত্যের প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে চলেছে।
দ্যা নিউ নেশন ইংলিশ পত্রিকার পাশাপাশি সম্প্রতি বাংলা অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছে।
দেশ স্বাধীন হওয়ার মাত্র চার বছর পর। যখন গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছিল। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতিশাসিত একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ—সংক্ষেপে বাকশাল। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং দেশে একমাত্র বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে বাকশালকে প্রতিষ্ঠা করা হয়।
একই সময়ে গণমাধ্যমের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ১৯৭৫ সালের জুন মাসে সরকার অধিকাংশ পত্রিকার ঘোষণা বাতিল করে দেয়। শুধু চারটি পত্রিকা—দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস—সরকারি নিয়ন্ত্রণে চালু রাখা হয়। বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। দেশের সংবাদপত্র শিল্পে সেদিনকে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়।এই ব্যবস্থাকে মেনে নেননি সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীরা। সবচেয়ে আগে ও সবচেয়ে সাহসী প্রতিবাদ করেন তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার মইনুল হোসেন।
তিনি ১৯৭৩ সালের নির্বাচনে ভান্ডারিয়া-কাঁঠালিয়া (পিরোজপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। সংসদের সর্বকনিষ্ঠ সদস্যদের একজন ছিলেন তিনি।১৯৭৫ সালের মে মাসে, যখন বাকশাল ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়, তখন তিনি জেনারেল এম. এ. জি. ওসমানির সঙ্গে একসঙ্গে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয়। দেশে তখন খুব কম মানুষই এত সাহস দেখিয়েছিলেন। তাঁর এই পদক্ষেপকে অনেকেই নীতি ও বিবেকের জয় হিসেবে দেখেছেন।
ব্যারিস্টার মইনুল হোসেনের আরও একটি পরিচয় ছিল। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র। পিতার মৃত্যুর পর তিনি ইত্তেফাকের সম্পাদক হিসেবে দায়িত্ব নেন এবং পরে সম্পাদকীয় মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকেন। বাকশালের পর দেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়। সেই সময়ের অভিজ্ঞতা থেকে তিনি সিদ্ধান্ত নেন, একটি স্বাধীন ও বেসরকারি ইংরেজি পত্রিকা প্রতিষ্ঠা করবেন। ১৯৭৮ সালে তিনি সাপ্তাহিক হিসেবে ‘দ্য নিউ নেশন’ প্রকাশ শুরু করেন।
পরে ১৯৮১ সালের ১৫ অক্টোবর এটি দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। এটি ছিল বাংলাদেশের প্রথম বেসরকারি ইংরেজি দৈনিক। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে পত্রিকাটি আজ ৪৭ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি গণতন্ত্র, সাংবিধানিকতা, মানবাধিকার, সুশাসন ও সাংবাদিকতার বস্তুনিষ্ঠতার পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমানে ব্যারিস্টার মইনুল হোসেনের সহধর্মিণী সাজু হোসেন ও তাঁর ছোট ছেলে আরশাদ হোসেন পত্রিকাটি দেখভাল করছেন।ব্যারিস্টার মইনুল হোসেন যেভাবে ১৯৭৫ সালে বাকশালের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই চেতনাই আজও দ্য নিউ নেশনের ভিত্তি। পত্রিকার কর্মকর্তা ও সাংবাদিকরা আশা করেন, অন্যায়ের বিরুদ্ধে ‘না’ বলার সেই সাহস এবং সত্যের পাশে থাকার অঙ্গীকার ভবিষ্যতেও অটুট থাকবে।
এনএনবাংলা/এনজেড

