সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০ ধরনের খেলার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অন্যান্য খেলাধুলার আয়োজনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পাঠানো একটি আবেদন মাউশিতে পাঠানো হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

তিনি আরো বলেন, “এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তালিকাভুক্ত ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী আমিনুল হক তার ডিও লেটারে উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।

প্রতিমন্ত্রীর এই প্রস্তাবের প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরে ৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ব্যবস্থা নিতে মাউশিকে অনুরোধ জানানো হলে অধিদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়।

এনএনবাংলা/এফএস