এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু ১৯ নভেম্বর
২০২৭ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর এন্ট্রি করতে হবে। অন্যদিকে, বিলম্ব ফি ছাড়া ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফি ও ১ হাজার টাকা প্রতিষ্ঠান জরিমানাসহ ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে আগামী ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের এ পরীক্ষা দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। কেবল ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত ফি-এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ফি প্রদান করে মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অতিরিক্ত সময় (প্রতি ঘণ্টায় ১০ মিনিট) ও শ্রুতি লেখকের সুযোগ দেওয়া হবে।
অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি না থাকলে সম্ভাব্য তালিকায় নাম আসবে না এবং ফরম পূরণ করাও যাবে না।
এনএনবাংলা/এফএস
