ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশে আসা আট চীনা শিক্ষার্থী।
বুধবার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাওসার এ তথ্য নিশ্চিত করে জানান, আট শিক্ষার্থীর মধ্যে দুজন ইতোমধ্যে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন। নিজ দেশের বিশ্ববিদ্যালয়ের পরামর্শ অনুযায়ী তারা চীনে ফিরে যাচ্ছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেছেন। এ সময় তাঁদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মতামতও জানতে চেয়েছেন তিনি।
অধ্যাপক কাওসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ ঘটনার পরই তারা নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এই আটজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদী বা শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। নিয়ম অনুযায়ী, চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের এই কোর্সটি সম্পন্ন করার কথা ছিল। তবে ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। এই নিরাপত্তাহীনতার কারণেই তাঁরা কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা নিজ দেশে ফিরে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই এই কোর্সের বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন।
প্রসঙ্গত, গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন সোমবার টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। পরে মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণে একজন আহত হন। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বহিষ্কার করা হয়েছে ২ কর্মকর্তা-কর্মচারীকে।
এনএনবাংলা/এফএস

